সমকাল-জেসিআই প্রাক-বাজেট আলোচনা

উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:০০ এএম

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং উন্নত দেশে রূপান্তরের জন্য দরকার উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি। আর এটা সম্ভব হবে দক্ষ তরুণ জনগোষ্ঠীর মাধ্যমে। এজন্য তরুণদের রাখতে হবে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। বাজেটও হতে হবে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে। যাতে তরুণ-তরুণীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। পাশাপাশি তরুণ উদ্যোক্তারা যাতে সহজে ব্যবসা শুরু করতে পারে বাজেটে সে জন্য প্রয়োজনীয় নীতি উদ্যোগ ও বরাদ্দ রাখতে হবে।

গতকাল শনিবার সমকাল ও জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (জেসিআই) আয়োজিত ‘তারুণ্যের বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এমন মতামত প্রকাশ করেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের সহজে ব্যবসা করার সূচক নিয়ে বদনাম রয়েছে। বন্দরের সেবা, আইনকানুনের জটিলতা, সুশাসনের মতো অনেক বিষয় রয়েছে যেখানে ব্যাপক সংস্কার দরকার। যদিও এসব ক্ষেত্রে তরুণদের অনেক কিছু করার আছে। কারণ তরুণরা অনেক গতিশীল। যদিও সরকার এসব সমস্যা দূর করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই অনেকগুলো বিষয় নজরদারি করছেন।

সেলিমা আহমেদ বলেন, সরকার গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছে। শহর মানে শুধু পাকা রাস্তা, দালানকোঠা নয়, শহরের নাগরিক সুবিধাও গ্রামে পৌঁছে দিতে হবে। তিনি বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখার প্রস্তাব করেন, যে অর্থ দিয়ে তরুণ উদ্যোক্তারা তাদের পণ্য বাজারজাতকরণসহ অন্যান্য উৎপাদন পরবর্তী কার্যক্রমে লাগাতে পারে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা নীতিমালা করা হচ্ছে। সব খাতের তরুণদের দক্ষতা বাড়াতে সরকার দুটো বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সরকার তরুণদের শুধু অর্থনৈতিক হাতিয়ার হিসেবে দেখতে চায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত