ম্যাককালামের সঙ্গে দ্বিমত মার্ক ওয়াহর

আপডেট : ০২ জুন ২০১৯, ০২:২৯ এএম

কারও ভবিষ্যদ্বাণী পুরোপুরি মেলে কারও মেলে না। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী কি মিলবে? বিশ্বকাপের গ্রুপ লিগ ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। ডায়েরির পাতায় প্রত্যেক টিমের জয়-পরাজয়ের হিসাব লিখে সেই পাতার ছবি তুলে আপলোড করেছেন টুইটারে। সেই পাতায় দেখা যাচ্ছে বাংলাদেশকে মাত্র এক ম্যাচে জিতিয়েছেন ম্যাককালাম। প্রেডিকশানে দেখা যাচ্ছে সেই একটি ম্যাচ জিতবে তারা শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষেও হারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ম্যাককালাম। ডায়েরির প্রেডিকশানে ইংল্যান্ড ও ভারতকে আটটি করে ম্যাচে জিতিয়েছেন সাবেক কিউই অধিনায়ক। অস্ট্রেলিয়ার জয় ছয়টি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে পাঁচ ম্যাচে জিতিয়েছেন তিনি। ম্যাককালামের ভবিষ্যদ্বাণীতে আফগানিস্তান জিতবে দুটিতে।  বাংলাদেশের মতোই শ্রীলঙ্কাও পাবে একটা জয়।

অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার মার্ক ওয়াহ অবশ্য ম্যাককালামের প্রেডিকশানের সঙ্গে একমত নন। তিনি মনে করেন না আট ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে খেলবে ভারত। এ ক্ষেত্রে মার্ক ওয়াহর যুক্তি ভারতের মিডল অর্ডার স্থিতিশীল নয়। বিশেষ করে চার নম্বর জায়গাটা নিয়ে অনিশ্চয়তা আছে। আর বিরাট কোহলি এবং যশপ্রিত বুমরাহর ওপর অনেক কিছু নির্ভর করবে। তাই ওয়াহ মনে করেন ভারত সেমিতে উঠলেও ঘাম ঝরাতে হবে। জুনিয়র ওয়াহর প্রথম দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এরপর ভারতের সম্ভাবনা।

তবে চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে উইন্ডিজ এবং দক্ষিণ অফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন ওয়াহ। এখন দেখা যাক ওয়াহ না ম্যাককালাম, কার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত মেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত