একাদশে অতিরিক্ত স্পিনার নিতে পারে বাংলাদেশ

আপডেট : ০২ জুন ২০১৯, ০৮:৫৬ এএম

পেস সহায়ক উইকেট হলেও স্পিনারও চলতি বিশ্বকাপে বেশ নৈপুণ্য দেখাচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। কেনিংটন ওভালে ওই ম্যাচে ইংল্যান্ডের স্পিনাররাও সময়মতো ব্রেক থ্রু আনতে পেরেছেন। আদিল রশিদ, মঈন আলিদের বল ভালো প্রভাব ফেলে পুরো ম্যাচে। একই ভেন্যুতে দক্ষিণ প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে একাদশে স্পিনার বাড়ানোর কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। একই ভেন্যুতে হওয়া  আগের ম্যাচের হিসাব তাই চলে এসেছে অবধারিতভাবে। ম্যাচটিতে স্পিনারদের বল গ্রিপ করেছে বেশ। তাই বাংলাদেশের একাদশ গড়ার ভাবনাতেও আছে স্পিনার বাড়ানোর চিন্তা। কিন্তু স্পিনার বাড়াতে গিয়ে পেসার ছাঁটলেও চলছে না। দরকার অলরাউন্ডারের। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ রিয়াদ দিতে পারতেন সমাধান। কিন্তু তিনি বোলিং করতে না পারার কারণে জোর বিবেচনায় এসে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

উইকেটের হাবভাব দেখেই যে এমন চিন্তা তা আগের দিন স্পষ্ট করেছেন মাশরাফী, “গত ম্যাচে ওভালে যেটা দেখছি বল কিছুটা গ্রিপ করছিল। যদি এমন হয় তাহলে আমাদের জন্য ভালো। যদি বল গ্রিপ করে আমাদের পেসাররাও ম্যাচে থাকবে। সেইসঙ্গে স্পিনাররাও থাকবে। এটা আমাদের জন্য ইতিবাচক।”

উইকেট এমন হলে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে আরেকজন স্পিনার লাগছেই। মাহমুদউল্লাহ রিয়াদ বোলিং করার জন্য ফিট থাকলে কথা ছিল না। তিনি ফিট না থাকাতেই দলের একাদশের চিন্তাতেও এসেছে বদল।

এ ব্যাপারে মাশরাফী বলেন, “মাহমুদউল্লাহ অনুশীলন বোলিং করেছিল একদিন, পরে আর পারেনি। বোলিং করলে ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত স্পিনার নেওয়ার কথা আমরা ভাবছি। এই মুহূর্তে পরিষ্কার করা কঠিন তবে আমরা ভাবছি। যদি ভাবতে চাই তাহলে সাত নম্বর পজিশনে ব্যাটিং প্লাস অফ স্পিনারের কথাই ভাবতে হয়। বাঁহাতি স্পিনার তো নাই। তাই অফ স্পিনিং অলরাউন্ডারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত না।”

মিরাজ, মাহমুদউল্লাহ ছাড়া অফ স্পিনিং অলরাউন্ডার স্কোয়াডে আর আছেন একজনই। সেই মোসাদ্দেক হোসেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় কাপের ফাইনালে ঝড় তুলে দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দেখিয়েছেন সাত নম্বরে নিজের অন্য সামর্থ্যও। এখানে অধিনায়কের কাজটাও হয়েছে সহজ।

মোসাদ্দেক দলে এলে ছিটকে যাবেন সাব্বির রহমান। সাতে নেমে ঝড় তোলা আর বোলিং দিয়ে অবদান রাখা দুটিতেই আপাতত সাব্বির আপাতত পিছিয়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত