বাংলাদেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে: ইমরান তাহির

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:৪৫ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট দক্ষিণ আফ্রিকার। স্বাগতিক ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে মানতে হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। কিন্তু কাজটা খুব সহজ হবে না বলে বিশ্বাস প্রোটিয়াদের অভিজ্ঞ স্পিনার ইমরান তাহিরের। তার মতে, নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ দল।

কেনিংটন ওভালে গত বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হারে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৩১১ রানের জবাবে ২০৭ রানে গুঁড়িয়ে যায় তারা। হারের স্মৃতি ভুলে বাংলাদেশের বিপক্ষে ছন্দে ফিরতে চায় দলটি।

ওভালেই রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় টাইগারদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের প্রতিনিধি হয়ে আসেন সময়ের অন্যতম লেগস্পিনার তাহির। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “সবাই জানে যে বাংলাদেশ স্পিন কন্ডিশনে খেলে অভ্যস্ত। তারা এই ক্ষেত্রে বেশ উন্নতি করেছে। স্পিন তারা বেশ ভালো খেলে। এটাও সবার জানা যে নির্দিষ্ট দিনে তারা খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্পিনার হিসেবে আমি ও শামসি আছি। এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”

“ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জের। অন্য ম্যাচের মতোই। আমাদের পক্ষ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত। আশা করছি দলগতভাবে আমাদের ভালো একটি দিন কাটবে।”

ইংল্যান্ডের বিপক্ষে তারা যে ভুলগুলো করেছে সেটা শুধরেই বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চায় দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়ানোর নিয়ে তাহির বলেন, “ক্রিকেটে আসলে রকেট সাইন্স বলে কিছু নেই। রাতারাতি পরিবর্তন হয় না। তবে নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে কাজ করা যায়। সেগুলো উন্নত করা যায়। প্রথম ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি আমাদেরকে ৫০ ওভার ব্যাট করতে হবে। আর আগের ম্যাচে যেভাবে বল করেছি সেভাবে বল করতে হবে। তাহলে আশা করছি ভালো হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত