কোনো জায়গাতেই আমরা ফেভারিট নই: মাশরাফী

আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৫৫ এএম

ইতিহাসের সেরা দল নিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তাই বলে বাস্তবতাটা ভুলে যাচ্ছেন না অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নড়াইল এক্সপ্রেস জানিয়েছেন, এবারের বিশ্বকাপে কোনো দিক থেকেই ফেভারিট নন তারা।

কেনিংটন ওভালে বোরবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “কোন জায়গা থেকেই আমরা (বিশ্বকাপে) ফেভারিট না, উইকেট বলেন, যাই বলেন। এমনকি কালকের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) বলেন, কোন জায়গাতেই আমরা ফেভারিট না। দক্ষিণ আফ্রিকা অবশ্যই ফেভারিট হিসেবে খেলবে। তবে এটাও সত্যি কথা যে, আমরাও ওখানে আমাদের সেরাটা খেলব।”

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ১৭টিতে প্রোটিয়ারা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। দুই বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দল দুটি।

পরিসংখ্যানে প্রোটিয়াদের থেকে যোজন যোজন পিছিয়ে থাকলেও বাংলাদেশ জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে বলে জানালেন মাশরাফী।

“আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা অবশ্যই জিততে চাইব। অবশ্যই চাইব যে আমরা ভালো করি। আমরা কোন জায়গা থেকেই ভাবছি না যে আমরা হেরে যাব। প্রত্যাশার কথা বলেন, ওটা আসলে মানুষে তৈরি করে, আসলে আমরা ওটা না।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ নিয়ে মাশরাফি বলেন, “এখন আমাদের সামনে কাজ একাদশ নির্বাচন। আমাদের একটা সমস্যা আছে যে, যেই ভালো খেলে তাকেই একাদশে নেও; পজিশনের ব্যাপার নাই, কোন কিছু নাই; পজিশন তো খুব গুরুত্বপূর্ণ। পজিশন যদি ঠিক না থাকে ফর্মে থাকা খেলোয়াড় এনে লাভ নাই। কে কোন পজিশনে খেলে এবং ওই পজিশনে কে কেমন সফল সেগুলো বিচার করে একাদশ করতে হবে।”

তামিম ইকবাল-সাইফুদ্দিনের ইনজুরি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, “তামিম অলরেডি (অনুশীলনে) ব্যাটিং করছে। সাইফুদ্দিনকেও দেখা হচ্ছে। তারপর ফিজিওর কলের উপর নির্ভর করছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত