ফেইসবুক সম্পর্কের ক্ষতি করছে না তো!

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:৫২ পিএম

সকাল থেকে সন্ধ্যা। কখনো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে করতে পার হয়ে যায় দিন। এই মাধ্যমগুলো একসময় প্রভাব ফেলে আপনার ব্যক্তিগত সম্পর্কের ওপর। কিন্তু সেটি আপনি বুঝে উঠতে পারেন না। টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে কিছু লক্ষণের কথা বলেছে, যেগুলো থেকে বোঝা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রিলেশনশিপ স্ট্যাটাস : সম্পর্ক হওয়ার পর আপনি স্ট্যাটাস বদল করলেন, কিন্তু সঙ্গী সেটি করল না। এটি আপনি মেনে নিতে পারছেন না। কষ্ট হচ্ছে। যদি এমনটি হয়, তবে বুঝবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে ফেইসবুক প্রভাব ফেলছে।

টাইমলাইন ঘাঁটাঘাঁটি : ফোন অন করলেই তার টাইমলাইন ঘাঁটাঘাঁটি করেছেন না তো? কে লাইক দিল, কে মন্তব্য করলÑ এসব নজর রাখার মতো অভ্যাসগুলো বাদ দিন। এগুলো বিপজ্জনক।

পাসওয়ার্ড : কে কাকে পাসওয়ার্ড দিচ্ছে বা দিচ্ছে না এসব আলোচনা উঠলেই বুঝবেন আপনাদের সম্পর্কের ভেতর অবিশ্বাস ঢুকে পড়েছে।

ব্যক্তিগত বিষয় : কখন কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় খেতে যাচ্ছেন এমন বিষয়গুলো নিয়ে কোনো কারণ ছাড়াই ধারাবাহিকভাবে ফেইসবুকে পোস্ট দেওয়া, লিস্টের বন্ধুদের সঙ্গে আলোচনা করা ফেইসবুকের নেতিবাচক প্রভাব। আপনি দিনের পর দিন এগুলো করতে থাকলে, বুঝতে হবে আপনার সম্পর্ক ফেইসবুককেন্দ্রিক হয়ে পড়েছে।

প্রাক্তনের টাইমলাইন : প্রাক্তন সঙ্গীর টাইমলাইন দেখা দোষের কিছু নয়। কিন্তু সেটি দিনের পর দিন লুকিয়ে করতে থাকলে বুঝতে হবে বর্তমান সম্পর্ক থেকে ফেইসবুক আপনাকে অতীতে নিয়ে যেতে চাইছে। তাই এসব বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত