বিএনপি এখন বিলুপ্তির পথে: তোফায়েল

আপডেট : ০৩ জুন ২০১৯, ০১:৩৪ এএম

আওয়ামী লীগের  জ্যেষ্ঠ নেতা ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নামে একটা দল আছে, তারা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে না। তারা শুধু ভোটের সময় আসে। আর আওয়ামী লীগ ভোটের জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। ভোটের সময় বিএনপিকে দেখা গেলেও এখন আর দেখা যায় না। বিএনপি এখন বিলুপ্তির পথে।

রবিবার ভোলার ভেলুমিয়া বাজারে  পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি ওই এলাকার দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেন।

এছাড়াও ভেদুরিয়া, চরসামাইয়া, আলীনগর, শিবপুর, উত্তর দিঘলদী ইউনিয়নে দিনভর পথসভা করার পাশপাশি ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি দেন তোফায়েল আহমেদ।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন,  জেলার উন্নয়ন অব্যাহত রয়েছে। ভোলা-বরিশালের মধ্যে ব্রিজ নির্মাণ হবে। ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা। এখানে অনেক সম্ভাবনাময় শিল্প গড়ে ওঠার সুযোগ রয়েছে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত