মুখোমুখি সংঘর্ষের কবলে পড়লেও বেপরোয়া এনা পরিবহনের ৪৪ যাত্রী রক্ষা পেয়েছেন। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার মোকামতলা এলাকায় ঢাকাগামী টিএম পরিবহনের একটি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এনা পরিবহনের এ সংঘর্ষ হয়।
এনা পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এনার সামনের গ্লাসের একটি অংশ ও একটি লুকিং গ্লাস ভেঙে যায়। টিএম পরিবহনের চালক দেশ রূপান্তরকে বলেন, ‘আমার গাড়ির গতিবেগ কম ছিল, কিন্তু এনা পরিবহনের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু ওই চালক সাইড দেয়নি।’
ভিন্ন কথা বলেন এনার চালক শিপন। তার দাবি, টিএম পরিবহনের ফিটনেস নেই, আর চালক অদক্ষ তাই এ ঘটনা ঘটেছে।
এনা পরিবহনের যাত্রীরা জানান, ঢাকা ছাড়ার পরই বেপরোয়া গতিতে বাস চালাতে থাকে চালক। গতি কমাতে অনুরোধ করা হলেও তিনি শোনেননি। যাত্রী শফিকুল হাসান বলেন, ‘আল্লাহ বাঁচাইছে তাই আছি। না হইলে মইরা যাইতাম।’ এনার ওই বাসে এ প্রতিবেদকও ছিলেন।
