নিয়ান্ডারথালদের বিলুপ্তির নতুন তথ্য

আপডেট : ০৩ জুন ২০১৯, ০২:৩৫ এএম

নিয়ান্ডারথালরা প্রায় ২ লাখ ১০ হাজার বছর ধরে ইউরোপ ও এশিয়াজুড়ে বাস করেছে। এরপর হোমো সেপিয়েন্সের (আধুনিক মানুষ) পূর্বপুরুষদের সঙ্গে মিশে ধীরে ধীরে বিদায় নিয়েছে। পৃথিবীর মঞ্চ থেকে তাদের বিদায়ের অনেকগুলো কারণই আলোচিত হয়। কোনো কোনো গবেষকদের মতে, প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে বিদায় নিতে হয়েছিল তাদের। অন্য একদল গবেষকের মতে, মানুষের আগ্রাসী আচরণ   নিয়ান্ডারথালদের বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। আবার আরেক দল গবেষক মনে করেন, জিনগত পরিবর্তনের কারণেই বিদায় নিতে হয়েছে তাদের।

তবে নতুন একদল গবেষক বলছেন, প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মানুষের সমসাময়িক এই প্রাক-মানব প্রজাতিটিকে।

ফ্রান্সের এইক্স মার্সেইল বিশ্ববিদ্যালয়ের আন্না দেওগিয়ান্নি পপুলেশনস মডেলিংয়ের মাধ্যমে করা এক গবেষণায় পূর্বানুমান হিসেবে বলেছেন এই কথা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও গবেষণার দরকার বলে সায়েন্স ডেইলির এক নিবন্ধে বলা হয়েছে।

দেওগিয়ান্নি ও তার সহকর্মীরা বলেছেন, তারা নিয়ান্ডারথালদের জনসংখ্যার একটি মডেল দাঁড় করিয়েছেন। সেখানে দেখা গেছে ৪ হাজার থেকে ১০ হাজার বছরের মধ্যে কমেছে নিয়ান্ডারথালদের সংখ্যা। এর কারণ হিসেবে তারা দেখেছেন ২০ বছরের কম বয়সী নারীদের জন্মহার ছিল হাজারে ২ দশমিক ৭। অথচ তাদের মোট জনসংখ্যার হিসাব অনুসারে জন্মহার ৮-এর কম হলেই ৪ বছরের মধ্যেই বিলুপ্ত হতো।

নতুন গবেষণার বিষয়ে আন্না দেওগিয়ান্নি বলেন, এই গবেষণার মধ্য দিয়ে নিয়ান্ডারথালদের বিলুপ্তির কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া না গেলেও এই প্রাক-মানব প্রজাতির জনমিতি সম্পর্কে আমাদের সামনে নতুন তথ্য হাজির করবে। তাদের জন্মহার ও মৃত্যুহার নিয়ে নতুন তথ্য হাজির করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত