ভারতীয় অভিনেত্রী-গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুরতা মারা গেলেন। তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রথম স্ত্রী। পরে তাদের বিচ্ছেদ হয়।
সোমবার ভোরে কলকাতায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।
কিছুদিন আগেই ছেলে গায়ক অমিত কুমারের বাড়িতে গিয়েছিলেন রুমা। মাস তিনেক থাকার পর কয়েক দিন আগেই কলকাতায় ফেরেন।
আনন্দবাজার পত্রিকা জানায়, বিকেলে অমিত কলকাতা ফিরলে রুমার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৪ সালে কলকাতায় জন্ম রুমার। বাবা সত্যেন ঘোষ ও মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয়। তাদের সন্তান গায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয় তাদের।
১৯৬০ রুমা বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতাকে। তাদের দুই সন্তান গায়িকা শ্রমণা চক্রবর্তী ও অয়ন গুহ ঠাকুরতা।
রবীন্দ্র সংগীতের শিক্ষক দেবব্রত বিশ্বাসের ছাত্রী ছিলেন রুমা। অমৃত কুম্ভের সন্ধানে, বাঘিনী, পলাতক-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে গান করেছেন তিনি। এ ছাড়া ক্যালকাটা ইয়ুথ কয়্যারের কিছু গান জনপ্রিয় হয়।
অভিনয় করেছেন সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার ও রাজেন তরফদারের মতো বিখ্যাত নির্মাতার ছবিতে। এর মধ্যে আছে গঙ্গা, শাখা প্রশাখা, আশিতে আসিও না, অভিযান, পলাতক, বাঘিনী, নির্জন সৈকতে, বালিকা বধূ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দাদার কীর্তি, হংসমিথুন ও ৩৬ চৌরঙ্গী লেন। এ ছাড়া জোয়ার ভাটা, মশাল, আফসর ও রাগ রং-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।
