ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনের সময় চাইলে বোলিংও করতে পারেন বিরাট কোহলি। কিন্তু বোলারের ভূমিকায় ভারতের অধিনায়ককে একেবারেই দেখা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বোলিং করেছিলেন ২০১৬ সালে। কেন হঠাৎ বোলিং ছেড়ে দেওয়া- এর পেছনের কারণ জানালেন মিডিয়াম পেসার কোহলি।
বিশ্বকাপের সম্প্রচার সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানান, তার বোলিংয়ের উপর সতীর্থদের বিন্দুমাত্র আস্থা নেই। যদিও তার বিশ্বাস রয়েছে নিজের বোলিং দক্ষতার উপর।
দুই বছর আগে শ্রীলঙ্কা সফরের স্মৃতি উল্লেখ করে কোহলি বলেন, “২০১৭ সালে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের কথা। আমাদের সবই জেতা হয়ে গিয়েছে। নিছক নিয়ম রক্ষার মুহূর্তে আমি ধোনির কাছে গিয়ে বল করার ইচ্ছা প্রকাশ করি। রানআপে গিয়ে হাত ঘুরিয়ে নেওয়ার মুহূর্তে বাউন্ডারি থেকে বুমরাহ চিৎকার করে বলে, ‘ইয়ার্কি হচ্ছে নাকি, এটা আন্তর্জাতিক ম্যাচ।”
“আমার বোলিং দক্ষতার উপর দলের কারও আস্থা নেই। যদিও আমার নিজের আস্থা রয়েছে। এমন টিপ্পনি শোনার পর থেকে আর কখনও বল করতে যাইনি।”
ওয়ানডে ক্রিকেটে প্রায় ১০৭ ওভার বল করে চারটি উইকেট নিয়েছেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও প্রায় ২৫ ওভার বল করেছেন তিনি; এই ফরম্যাটেও রয়েছে চারটি উইকেট। তবে টেস্ট ক্যারিয়ারে ২৭ ওভারের বেশি বল করেও কোনও উইকেট তুলতে পারেননি কোহলি।
