সাত দিনের ব্যবধানের পাঞ্জাবির দাম দ্বিগুণ করায় আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া আউটলেটটি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের জানান, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা।
তিনি জানান, অধিদপ্তরে এমন অভিযোগ করেন এক ভোক্তা। এ পরিপ্রেক্ষিতে আজ উত্তরা আড়ংয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে।
তিনি বলেন, তবে এর কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের শোরুমের কর্মকর্তারা।
তবে আড়ংয়ের দাবি, কাপড়ের ব্যবধানের কারণে দামের ব্যবধান। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।
