ভারত দেখতে পুরো হলই বুক করে ফেলল এক সালমানভক্ত

আপডেট : ০৩ জুন ২০১৯, ০৮:৪১ পিএম

এই ঈদে মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা-ভারত। একাধিক বয়স ও লুকে দর্শকদের মাতিয়ে রাখবেন সালমান খান আর তার বিপরীতে আছে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

এদিকে এক সালমান ভক্ত তুমুল কাণ্ড বাধিয়ে দিয়েছেন। পুরো হল একাই বুক করে ফেলেছেন তিনি। মহারাষ্ট্রের নাসিকে এ ঘটনা ঘটেছে।

তবে ভাইজানের সিনেমা তিনি পুরো হলে বসে একাই দেখবেন নাকি বন্ধু-বান্ধবদেরও দাওয়াত দেবেন সেটি জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, হিন্দু পুরাণের ঐতিহ্যের শহর নাসিকের বাসিন্দা আশিস সিংঘল স্থানীয় একটি সিনেমা বুক করেছেন। কিনে নিয়েছেন ভারত সিনেমার সবগুলো টিকেট।

এ সিনেমায় একজন স্ট্যান্ট আর্টিস্টের ভূমিকায় অভিনয় করেছেন সালমান। ১৮ থেকে ৭০ বছর বয়সী ভাইজানকে দেখা যাবে পর্দায়।

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা। এ ছাড়া আরও থাকছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, সুনিল গ্রোভার, টাবু। ৫ জুন দর্শকদের সামনে পর্দা উঠছে এ ছবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত