ওয়ানডেতে ভারতকে হারানো বেশ কঠিন। তাই টানা তিন হারের ভয় জেঁকে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। পরের ম্যাচও হেরে গেলে সেমিফাইনালের জন্য ছয় ম্যচের সবকটি জিততেই হবে তাদের। এমন সমীকরণের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে ভয় ধরাচ্ছে ইনজুরির তালিকা। এত কিছুর মাঝে ফাফ ডু প্লেসিদের একটাই আকুতিÑ পরের ম্যাচেই যেন পুরো ফিট ডেল স্টেইনকে পাওয়া যায়।
আসরে পেশ শক্তিনির্ভর দলগুলোর একটি ছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট শুরুর আগে স্টেইন-রাবাদার ইনজুরি আশঙ্কা জাগায় প্রোটিয়াদের। প্রথম ম্যাচের আগে রাবাদা ফিট হলেও স্টেইন মাঠের বাইরেই ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে দুর্দান্ত বল করে স্টেইনের অভাব পুষিয়ে দিয়েছিলেন লুনগি এনগিডি। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এনগিডিও ইনজুরিতে পড়লেন। হ্যামস্ট্রিং ইনজুরি তাকে দ্বিতীয় ম্যাচে বল করতে দেয়নি, ভারতের বিপক্ষেও অনিশ্চিত এই পেসার। সেই সঙ্গে স্টেইন এখনো পুরোপুরি ফিট নন। তাই খুবই চিন্তিত ডু প্লেসি, ‘হ্যাঁ, চয়েসগুলো সংকীর্ণ হয়ে যাওয়ায় আমাদের কাজ খুব কঠিন হয়ে যাচ্ছে। বিশ্বকাপের আগে এনরিক নর্টিকে হারিয়েছি। এখন এনগিডিকে কয়েক ম্যাচে পাব না।’
স্টেইনকেও এখনই মাঠে নামার জন্য বলতে পারছি না। কিন্তু আমরা খুব করে চাইছি পরের ম্যাচেই যেন সে ফেরে। স্টেইন ফিরলে অবশ্যই আমাদের বোলিংয়ে প্রভাব পড়বে। প্রার্থনা করে আছি যেন ভারতের বিপক্ষে তাকে পাই।’
×
