দুই এসআই গণধোলাইয়ের স্থান পরিদর্শন

আপডেট : ০৪ জুন ২০১৯, ০২:১২ এএম

কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) গণধোলাইয়ের শিকার হওয়ার ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি ঘটনাস্থল শহরের শম্ভুপুর পাক্কারমাথা এলাকা পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ সুপারের (এসপি) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। পরে তিনিই (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

গত শনিবার রাতে এক শিক্ষার্থীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গণধোলাইয়ের শিকার হন ভৈরব থানায় কর্মরত এসআই আবুল খায়ের ও আজিজুল হক। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুপুর পাক্কারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর বাবার দাবি, তার ছেলে ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই দিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে তার গায়ে মদ ছিটিয়ে হাতে বোতল ধরিয়ে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত