পুলিশের গাড়িচাপায় তিন নারী শ্রমিক নিহত

আপডেট : ০৪ জুন ২০১৯, ০২:৩২ এএম

অবরোধ, বিক্ষোভ কোনো কিছুতেই থামছে না গাড়িচালকদের বেপরোয়া আচরণ। ঈদ সামনে রেখে তাদের সেই আচরণ যেন মাত্রা ছাড়িয়েছে। গতকাল সোমবার চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন। এ নিয়ে গত দুই দিনে সড়কে ঝরল ২৮ প্রাণ।

গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাড়িচাপায় তিন নারী            শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের কালামপুরে পাটুরিয়াগামী পিকআপ ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কুমিল্লা : চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার চান্দুলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশেনের (পিবিআই) গাড়িচাপায় প্রাণ গেছে তিন নারী শ্রমিকের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার ড্রাগন সোয়েটার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন জানান, নিহত পোশাকশ্রমিকরা হলেন কাজল, নাসিমা ও তানজিনা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিকেলে চান্দুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ ছিলেন। এ সময় ফেনী থেকে আসা ঢাকাগামী পিবিআইয়ের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিন নারী শ্রমিক মারা যান।

ওসি মাহবুব আরও জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক শাহ আলমসহ চার কনস্টেবল আহত হয়েছেন।

সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় পাটুরিয়াগামী একটি যাত্রীভর্তি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে চার তরুণ নিহত হয়েছেন। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। নিহতদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) শনাক্ত করতে পারেনি পুলিশ। সন্ধ্যা ৭টার দিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাটুরিয়াগামী ওই পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি পরিবহন চাপা দেয়। এ সময় পিকআপ ভ্যানের চার যাত্রী ছিটকে মহাসড়কে পড়লে তাদের ওপর দিয়েই ওই বাসটি চলে যায়। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। বাসটি আটক ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

গাজীপুর : সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের পূবাইল মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে মিরেরবাজারগামী অটোরিকশা মেঘডুবি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জসিম উদ্দিন (২৬) নিহত এবং চালকসহ পাঁচ যাত্রী আহত হন। নিহত জসিম উদ্দিনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী থানার উত্তর রানীগাঁওয়ে। তার বাবার নাম মৃত আইয়ুব হোসেন।

সীতাকু- : চট্টগ্রামের সীতাকু-ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট শাহজাহানি শাহ (র.) এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছমনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি মাদামবিবিরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। দুপুর সাড়ে ১২টার সময় রাস্তা পার হচ্ছিলেন ছমনা খাতুন। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত