সম্পর্কের স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর নতুন নয়। এবার ঘটেছে উল্টোটা। প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছেন প্রেমিক। জয় করে নিয়েছেন ভালোবাসার মানুষটিকেও।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির ধুপগুড়ি থানায় এ ঘটনা ঘটেছে। প্রেমিকা লিপিকার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ছিল প্রেমিক অনন্ত বর্মণের। কিন্তু এক সময় এসে অনন্তকে এড়িয়ে চলা শুরু করেন লিপিকা।
অনন্তের অভিযোগ, দীর্ঘদিন প্রেম করা সত্ত্বেও একপর্যায়ে তার ফোন রিসিভ করাও বন্ধ করে দেয় লিপিকা। এ ছাড়া হোয়াটসঅ্যাপ, মোবাইল নম্বর সমস্ত কিছু থেকে তাকে ব্লক করে দেয়।
পরবর্তীতে অনন্ত জানতে পারেন, প্রেমিকাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পরিবার। রবিবার সোনাপুর থেকে প্রেমিকাকে পাত্রপক্ষ দেখতে আসবে এই খবর পেয়ে রাস্তায় বন্ধুদের নিয়ে জমায়েত করেন অনন্ত। এরপর প্রেমিকার বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসে পড়েন তিনি।
তার দাবি,তার আট বছর তাকে ফিরিয়ে দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ। কিন্তু প্রেমিক যুবক নাছোড়বান্দা, কোনোভাবেই অনশন ভাঙতে ইচ্ছুক নন।
সোমবার দুপুরে তার শরীর দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে স্যালাইন দেওয়া হয়। তবে শেষমেশ বিকেলে এসে স্বপ্নের দেখা পান অনন্ত। প্রেমিককে বিয়ে করতে রাজি হন লিপিকা। প্রথমে ঘরের মধ্যেই সকলের সামনে সিঁদুর দান, আর তারপর স্থানীয় মন্দিরে গিয়ে একেবার বর-বউ সেজে সাত পাকে বাধা পড়েন তারা।
