ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে যানজটের শুরু; পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও।
সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা।
এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ার পর বিকেল থেকে এ রুটের যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা।
মঙ্গলবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এছাড়া সড়কে বিভিন্ন এলাকায় মানুষ পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, বাঐখোলা, করটিয়া হাটবাইপাস, নাটিয়াপাড়া ও পাকুল্লায় যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, গাড়ির অতিরিক্ত চাপ চাপ থাকায় থেমে থেমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পাড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “সেতুর পশ্চিমপাড় গাড়ি রিসিভ করতে সমস্যা হওয়ায় সেতুর পূর্বপাড়ে যানজট হয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”
