‘বাংলাদেশ ম্যাচ নিউজিল্যান্ডের জন্য পরীক্ষা’

আপডেট : ০৪ জুন ২০১৯, ০৩:০৫ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পাওয়া টাইগারদের বিপক্ষে ম্যাচটিকে কিউইদের জন্য পরীক্ষা হিসেবে দেখছেন দলটির সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

কেনিংটন ওভালে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার দল। এই ভেন্যুতেই প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে তারা। ভাবনায় এখন কিউই বধ।

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ভেট্টরি মনে করেন, তাদের জন্য ম্যাচটি এক প্রকার পরীক্ষা। কারণ গত চ্যাম্পিয়নস ট্রফিতে এই বাংলাদেশের কাছেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল তাদের।

ম্যাচটি নিয়ে আইসিসির বিশেষ কলামে ভেট্টরি লিখেছেন, “বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচ ওভালে। এখানে কন্ডিশন একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। এখানকার উইকেটও খুব ভালো। তবে বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড কয়েক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে যাওয়ায় আমার মনে হয় এই ম্যাচটা একটা পরীক্ষা তাদের জন্য।”

“আমার মনে হয় এই ওভালে প্রচুর রান হবে। কিন্তু নিউজিল্যান্ড যেহেতু জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তাতে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়তি থাকবে তাতে সন্দেহ নেই।”

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয়ের আনন্দে মাতে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মতো আসরে এমন জয়ে শুরু করাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভেট্টরি।

“ওদের গর্ববোধ করা উচিত এমন জয়ে। শুরুটা সব দিক দিয়ে শতভাগ ছিলো। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, ফলাফল, জয়ের ব্যবধান সব কিছু।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত