বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করা টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী। কিউইদের বিপক্ষেও দল জয় তুলে নিতে প্রস্তুত বলে জানাচ্ছেন সৌম্য সরকার। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা কিউইদের কেউ ফেভারিট ভাবলে খুশিই হবেন সৌম্য।
প্রতিপক্ষে কখনো ওপরে রেখে খেলতে চান না সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন এই স্টাইলিশ ওপেনার। তবে কেউ যদি ফেভারিট ভাবে কিউদের, তাতে সৌম্যর আপত্তি না থাকার কারণ ভিন্ন।
সৌম্যর কথায়, ‘‘এটা বড় টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের একটা চাপ থাকে। যারা বলবে নিউজিল্যান্ড বড় দল ওদের ওপর চাপ থাকবে। কারণ ওদের নিয়ে তখন প্রত্যাশা বেশি থাকবে।’’
‘‘আমরা যদি এটা কাজে লাগাতে পারি অনেক ভালো হবে। আমরা জিতব, মানসিকভাবে শক্ত থেকে এই বিশ্বাস নিয়েই নামব।’’
কিছুদিন আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৩-০ তে ওয়ানডে সিরিজ হারে টাইগাররা। তবে সেই সিরিজের সঙ্গে বিশ্বকাপকে মেলাতে চান না সৌম্য, ‘‘ওদের মাটিতে যেটা খেলে এসেছি, ওটা ছিল ওদের কন্ডিশনে। আর এটা ভিন্ন মাঠ, ভিন্ন কন্ডিশন। যত ভালো দল হোক, অন্য মাঠে খেলতে গেলে সবার সেটা কঠিন মনে হবে। দিন শেষে যারা ভালো খেলবে ম্যাচের ফল তাদের পক্ষে যাবে।’’
