শুধু সিনেমায় নয়; বলিউডের জনপ্রিয় তারকাদের বিজ্ঞাপনেও বাজিমাত। মাত্র ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন। আর তাতেই টেলিভিশনের পর্দা থেকে যেন চোখ সরতে চায় না। আর তাতে যদি থাকেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা দীপিকা-আলিয়ার মতো তারকারা তবে তো কথাই নেই।
অনেকেই হয়তো জানেন না; আপনার প্রিয় স্টারেরা প্রতি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে কত টাকা আয় করেন? এর পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে পারে।
বিজ্ঞাপন থেকে আয়ের ব্যাপারে বলিউডে সবার উপরে অক্ষয় কুমার। এ ব্যাপারে শাহরুখ-আমির-সালমানদের রাজত্ব খানখান করে শীর্ষে রয়েছেন তিনি।
গত বছর ‘প্যাডম্যান’, ‘গোল্ড’, ‘২.০’, দেখা গিয়েছিল অক্ষয়কে। একটা ব্র্যান্ডে মুখ দেখাতে ‘সিধাসাধা অক্ষয়’ নেন আনুমানিক ১০০ কোটি টাকা।
অক্ষয় কুমারের মতোই খানত্রয়ীকে দূরে ঠেলে দিয়েছেন রণবীর সিংহ। এক একটা ব্র্যান্ড থেকে তার আয় আনুমানিক ৮৪ কোটি টাকা।
ব্যক্তিগত জীবনে যেমন রণবীর সিংহের পাশাপাশি রয়েছে, আয়ের ব্যাপারেও তার পাশেই রয়েছে দীপিকা পাডুকোন। গত বছর প্রতি বিজ্ঞাপন থেকে আয় করেছেন আনুমানিক ৭৫ কোটি টাকা।
এ তালিকায় চার নম্বরে রয়েছেন অমিতাভ বচ্চন। গত বছর বিগ-বির পকেটে ঢুকেছে প্রতি ব্র্যান্ড এনডোর্স পিছু আনুমানিক ৭২ কোটি টাকা।
মাত্র ২৬ বছর বয়সী আলিয়া ভাট সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও প্রচুর আয় করেন। ২০১৮-তে এক একটা বিজ্ঞাপন থেকে আলিয়ার আয় কত ছিল জানেন? আনুমানিক ৬৮ কোটি টাকা।
শাহরুখ খান। শেভিং ক্রিম হোক বা ঘরে বসে বাজার করার অ্যাপ, অথবা লার্নিং অ্যাপ, সবেতেই দেখা যায় বলিউডের বাদশাকে। এ ধরনের বিজ্ঞাপন থেকে গত বছরে তার আয় ছিল ব্র্যান্ড পিছু আনুমানিক ৫৬ কোটি টাকা।
আলিয়ার মতো বরুণ ধাওয়ানও ফি বছরে গাদাগুচ্ছের ফিল্ম করেন না। কখনও বছরে একটা, কখনও বা তিনটা ফিল্মে মুখ দেখান তিনি। তবে বিজ্ঞাপনে ভরপুর দেখা যায় তাকে। অন্তর্বাস থেকে শুরু করে ঠান্ডা পানীয়, সবেতেই কুল বরুণ। শাহরুখের পরেই রয়েছেন তিনি। গত বছর শুধুমাত্র একটা বিজ্ঞাপন এনডোর্স করেই তার ঘরে এসেছে আনুমানিক ৪৮ কোটি টাকা।
সালমান খানও পিছিয়ে নেই। শুধুমাত্র একটা বিজ্ঞাপনী ছবি বা ব্র্যান্ড প্রমোশন থেকে সল্লু মিয়ার গত বছর নিয়েছিলেন আনুমানিক ৪০ কোটি টাকা।
‘ঠগস অব হিন্দুস্তান’ এবং ‘জিরো’, গত বছর মাত্র দু’টি ফিল্মে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। তবে ঠান্ডা পানীয়, গয়না, চশমার ফ্রেম থেকে মেকআপ, একের পর এক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। আর সেই সব ব্র্যান্ড এনডোর্স করার জন্য পারিশ্রমিক নিয়েছেন আনুমানিক ৩০ কোটি টাকা করে।
