বিশ্বের শান্তি কামনায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মোনাজাতে হাত তুলেছেন হাজারো মানুষ।
বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই নগরবাসীকে ছুটতে হয়েছে ঈদগাহে।
সকাল সাদে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
এই জামাতে শরিক হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এছাড়া মন্ত্রিপরিষদ সদস্যদের অনেকে যোগ দেন এখানে।
ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নারীদের নামাজ পড়ার জন্যও ছিল আলাদা বন্দোবস্ত।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ঈদগাহের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ছিল।
শুধু ঢাকাবাসী নয়, ঢাকার বাইরে থেকে অনেকে এসে যোগ দিয়েছিলেন এ ঈদ জামাতে।
সকাল সাড়ে ৮টায় হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মুসল্লিরা দু হাত তুলে দোয়া ধরেন।
মোনাজাতে তিনি বলেন, 'হে আল্লাহ, বিশ্বের সব মুসলিমের হায়াৎ দারাজ কর, সকলকে বরকত দান করে দাও। জাতির জন্য শান্তি ও রহমতের ফয়সালা করে দাও।'
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করেও দোয়া করা হয়।
১৫ অগাস্টে ঘাতকের গুলিতে প্রাণ দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
মৃত পিতা-মাতা ও আত্মীয় স্বজনের জন্য যখন মোনাজাত ধরেন ইমাম, তখন ঈদগাহ ময়দানে সমবেত মুসল্লিদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
