এক বছর পর দর্শকের সামনে সাইমন-মাহি’র জান্নাত

আপডেট : ০৫ জুন ২০১৯, ০৫:৪৩ পিএম

২০১৮ সালের ঈদুল আজহায় মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত চলচ্চিত্র ‘জান্নাত’। ছবিতে অভিনয় করেছেন ‘পোড়ামন’ ছবির সফল জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এদিকে ছবি মুক্তির ১ বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘জান্নাত’। তবে এবার আর হলে নয়, আসছে টিভির পর্দায়। চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

প্রেম-ভালোবাসা, সংঘাত ও সমসাময়িক জঙ্গি ইস্যুও স্পর্শ করে গেছে মৌলিক গল্পের এই ছবিটিতে। এতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। খাদেমের মুরিদ হিসেবে রয়েছেন সাইমন।

ছবিতে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান।

এ বিষয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক ভালো লাগছে, ছবিটি এবার বড় পরিসরে প্রদর্শিত হতে যাচ্ছে। বিপুলসংখ্যক মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ।’

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত