বৃষ্টি ও খেলার কারণে সিনেমা হল ফাঁকা

আপডেট : ০৫ জুন ২০১৯, ০৭:০০ পিএম

ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পেয়েছে তিন ছবি। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’, মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, ও সাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত ‘নোলক’।

এদিকে সর্বাধিক ১৮০টি হলে চলছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’, ৭টি সিনেমা হলে চলছে অর্চিতা স্পর্শীয়া ও তারিক আনাম খান অভিনীত ‘আবার বসন্ত’, ৭৬টি হলে চলছে শাকিব-ববি অভিনীত ‘নোলক’।

এদিকে ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েও সিনেমা দেখতে যাচ্ছেন দর্শক। সরে জমিন  ‍ঘুরে এমনটাই চোখে পড়েছে দেশ রূপান্তর প্রতিবেদকের। তবে হল ম্যানেজাররা বলছেন দর্শকদের এই উপস্থিতি আশাব্যাঞ্জক নয়। তারা হতাশা প্রকাশ করলেন।

এদিকে সারা দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর সন্ধ্যার দিকেও সিনেমা হলে জনসমাগম হওয়ার আশা দেখছেন না হল ম্যানেজাররা। কারণ ঈদের দিন ৬ টার দিকে শুরু হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড-এর খেলা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের খেলা থাকলে দর্শকরা খেলা বাদ দিয়ে সিনেমা হলে যায় না। রাজধানীর শ্যামলী সিনেমা হলে খোঁজ নিয়ে জানা যায়, মাত্র একটি শো’তে আশানুরূপ দর্শক হয়েছে। বাকিগুলো প্রায় ফাঁকা ছিল।

দেশ রূপান্তরকে শ্যামলী সিনেমা হলের ম্যানেজার হাসান বলেন, ‘আমাদের সিনেমা হলে শাকিব খান ও বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবি চলছে। তবে যেরকম দর্শক আজ আশা করেছিলাম তেমনটা পাইনি। প্রথম দিনের ব্যবসা খুবই খারাপ। আর বলেও লাভ নেই, সকাল থেকেই তো বৃষ্টি, তার ওপর বাংলাদেশের খেলা রয়েছে। খেলা থাকলে এমনিতেই দর্শক হলে আসে না। এখন আগামী দিনগুলোর ওপর ভরসা করতে হবে।’

একই অবস্থা দেখা যায় রাজধানীর জোনাকি, আনন্দ ও মধুমিতা সিনেমা হলে খোঁজ নিয়েও। প্রত্যেক ম্যানেজারের কণ্ঠেই একই আক্ষেপ- বৃষ্টি ও খেলার কারণে তাদের হলে দর্শক খুব কম। খোঁজ নিয়ে জানা যায়, শ্যামলী সিনেমায় একটা মাত্র শো’তে মোটামুটি দর্শক হয়েছে। এই সিনেমা হলে চলছে ‘পাসওয়ার্ড’। ‘জোনাকি’ হলে চলছে নোলক। হলটির ম্যানেজার জানালেন, প্রত্যেক শো’তে এক থেকে দেড়শ দর্শক নিয়ে সিনেমা প্রদর্শন করা হচ্ছে।

এদিকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে চলছে তিনটি ছবিই। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে সিনেপ্লেক্সে দর্শকের উপস্থিতি মোটামোটি ভালোই। তিনটি বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি দর্শক রেসপন্স পাচ্ছে ‘পাসওয়ার্ড’, দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘নোলক’ ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘আবার বসন্ত’।’

অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজতে থাকেন ডন। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান ও এমডি ইকবাল।

একটি পারিবারিক আবেগের ছবি ‘নোলক’। ফেরারি ফরহাদের লেখা এ কাহিনির ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র ‘আবার বসন্ত’। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শিয়া, আনন্দ খালেদ, ইমতুসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত