বাজারে আসার পর সবদিক থেকে ক্রেতাদের নজর কাড়লেও ক্যামেরা নিয়ে বিপাকে ছিল ওয়ান প্লাস ৭ প্রো। কয়েক সপ্তাহর ব্যবধানে সেই সমস্যা সমাধানে নতুন একটি সফটওয়্যার আপডেট সুযোগের কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
এই আপডেটে নতুন ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা ‘আরও নিখুঁত’ হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাস ফোরামে জানানো হয়েছে, ধাপে ধাপে সব ফোনে ‘OxygenOS 9.5.7’ আপডেট পৌঁছে যাবে। শুক্রবার নির্বাচিত কিছু গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছায়।
নিজের ফোনে Settings > System Update এ গিয়ে এই আপডেট দেখে নেওয়া যাবে। নতুন আপডেটের সাইজ ১২৭ এমবি।
নতুন আপডেটে ফোনের ক্যামেরায় তোলা ছবি আগের থেকে ‘ভালো কালার’ ও ‘কনট্রাস্ট’ পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ট্রিপল ক্যামেরার হোয়াইট ব্যালান্সের অটো ফোকাসেও উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। আগে কম আলোতে তোলা ছবিতে সবুজ টোন দেখা যাচ্ছিল। নতুন আপডেটে সেই সমস্যারও সমাধান হয়েছে।
কম আলোতে আলট্রা ওয়াইড ক্যামেরায় তোলা ছবিতে আগের থেকে কম নয়েজ দেখা যাচ্ছে। টেলিফটো ক্যামেরাতেও কম আলোতে আগের থেকে কম নয়েজ। এ ছাড়া নাইটস্পেক মোডে উন্নতি হয়েছে।
ফোনটিতে ‘Android 9.0 Pie’ অপারেটিং সিস্টেমে চলছে কোম্পানির ‘OxygenOS’ স্ক্রিন। আছে ৬.৭ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট।
ট্রিপল রিয়ার ক্যামেরায় আছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
ক্যামেরায় ১১৬ ডিগ্রি ভিউ পাওয়া যায়। সেলফি তোলার জন্য এই ফোনে আছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
