বৃষ্টির থাবা থাকবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৬:১৫ পিএম

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে দ্বিতীয় ম্যাচেই হার। এমন অবস্থাতে থেকে তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। হিসাব-নিকাশের দিক থেকে ম্যাচটি হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। তাতে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি!

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ইংলিশদের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। তখন স্থানীয় সময় থাকবে সকাল সাড়ে দশটা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল দশটার দিকে নামতে পারে বৃষ্টির ঢল। থেকে থেকে বৃষ্টি পড়বে দুপুর একটা পর্যন্ত। দুইটার দিকে মিলতে পারে হালকা রোদের দেখা। এরপর অবশ্য আকাশ পরিষ্কারই থাকবে। আর তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করবে।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে অল্পের জন্য হেরে যায় তারা।

বাংলাদেশেরও একই অবস্থা। প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করে মাশরাফী বিন মোর্ত্তজার দল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে যায় তারা। কার্ডিফের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে নিচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড উভয়ই!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত