নেশন্স লিগের সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডস ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। তার আগে বুধবার প্রথম সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৩-১ গোলের জয় পায় সুইজারল্যান্ডের বিপক্ষে। ফাইনালে আগামীকাল রাতে পোর্তোতে ডাচদের মুখোমুখি হবে স্বাগতিক পর্তুগাল।
বড় ম্যাচের খেলোয়াড় রোনালদো। তা আবারও প্রমাণ করেছেন নেশন্স লিগের সেমিফাইনালে। জাতীয় দলের হয়ে গত বছর জুনে রাশিয়া বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে সবশেষ গোল করেছিলেন তিনি। এরপর অবশ্য অনেক দিন স্বেচ্ছায় জাতীয় দলে খেলেননি সিআর সেভেন। ফেরার পর গোল পাচ্ছিলেন না। কিন্তু বুধবার তার একক নৈপুণ্যে ইউরোর পর আরও একটি টুর্নামেন্টের ফাইনালে উঠল পর্তুগাল। ম্যাচের ২৫, ৮৮ ও ৯০ মিনিটে গোল করেন রোনালদো। তার এই কীর্তির প্রশংসা ঝরেছে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের কণ্ঠে, ‘সে (রোনালদো) জিনিয়াস। আপনি জিনিয়াস হতে পারেন আর্টে বা অন্য কোনো বিষয়ে কিন্তু রোনালদো ফুটবল জিনিয়াস।’
বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে পেনাল্টিতে ম্যাচের প্রথমেই এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে সেই গোল শোধ দেন ম্যাথিয়াস ডি লিট। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে কুইন্সলি প্রোমেস ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন।
এদিকে ফাইনালকে সামনে রেখে দলকে সতর্ক করেছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। শুধু রোনালদোকে নিয়ে না ভেবে অন্যান্য বিষয়ের ওপর মনোযোগী হতে বলেছেন। বলেন, ‘আমরা শুধু রোনালদোর বিপক্ষে খেলব না, দারুণ একটি দল পর্তুগালের সঙ্গে খেলব। আমি এই দলের সঙ্গে ফাইনাল খেলতে মুখিয়ে আছি। সামর্থ্যরে সবটুকু দিয়ে শিরোপা জিততে চাই।’
