মাঠে তার মতো নিবেদিত প্রাণ ক্রিকেটার কোথায় খুঁজে পাবেন আপনি? হাঁটুর ইনজুরিতে বারবার ক্যারিয়ার থমকে গেছে তার। কিন্তু মাশরাফী বিন মোর্ত্তজা ঠিকই ফিরে এসেছেন। অনেক সময় শরীর সায় না দিলেও মনপ্রাণ দিয়ে মাঠে লড়ে যান মাশরাফী।
কিন্তু জানলে অবাক হবেন বাংলাদেশ অধিনায়ক টিম বাসে আসতে সব সময়ই লেট করেন। আর এই বিষয়ে তার ধারেকাছে কেউ নেই!
কথাটা অবাক শোনালেও আপনাকে বিশ্বাস করতেই হবে। কেননা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সৌম্য সরকার, একযোগে তিনজনই বলছেন এই কথা।
বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের নিয়ে ‘ডিশিং দা ডার্ট’ নামের একটি অনুষ্ঠান করছে আইসিসি। যা প্রচার কারা হচ্ছে বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে।
মজার সব প্রশ্ন নিয়ে সাজানো অনুষ্ঠানে টাইগারদের মধ্যে এখন পর্যন্ত হাজির হয়েছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সৌম্য সরকার। অন্য প্রশ্নগুলোর বেশির ভাগ উত্তর অভিন্ন হলেও ‘কে দেরিতে টিম বাসে আসে?’ এমন প্রশ্নে তিনজনই বলেছেন মাশরাফীর নাম।
কে বেশি সেলফি তুলতে পছন্দ করেন, কে সবচেয়ে বাজে ড্যান্সার, কে বেশি নিজের নাম গুগল করেন, টিম বাসে লেট করেন কে ইত্যাদি প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে সেই অনুষ্ঠান।
সবচেয়ে বাজে ড্যান্সার কে? এমন প্রশ্নে সৌম্য বলেছেন, মেহেদী হাসান মিরাজের নাম। তামিম নিজের নামটাই বলেছেন। সাকিব মনে করেন তিনি নিজেই সবচেয়ে খারাপ নাচেন।
