সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আল রাশিদিয়া মেট্রো স্টেশনের কাছে মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা হয়। বাসটিতে বিভিন্ন দেশের ৩১ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক।
দুবাই পুলিশ জানিয়েছে, ওমান থেকে দুবাই যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। হঠাৎ শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের কাছে রাস্তার পাশে থাকা একটি সাইনবোর্ডে ধাক্কা খায় এটি। দুর্ঘটনার শিকার বাসটির ছবি টুইট করেছে দুবাই পুলিশ। সেখানে দেখা গেছে, বাসের ছাদের একপাশের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।
বাসটি কেন দুর্ঘটনার কবলে পড়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, যানবাহন গমনের উচ্চতা প্রতিবন্ধক একটি রোড সাইন এড়াতে দিক পরিবর্তন করতে গিয়েছিল বাসটি। তখনই এর ছাদের সঙ্গে উচ্চতা প্রতিবন্ধকটির ধাক্কা লাগে এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বাণিজ্যনগরী। এখানে বহু দেশের নাগরিক পেশার সূত্রে একসঙ্গে থাকেন। ঈদ উপলক্ষে অনেকেই প্রতিবেশী দেশগুলোতে ছুটি কাটাতে যান। দুবাই পুলিশ জানাচ্ছে, তেমনই কয়েকজন মিলে ওমানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুবাইয়ের কাছেই দুর্ঘটনায় পড়ে বাসটি।
