অংশীদারত্বকে বঙ্গবন্ধুর লক্ষ্যে নিতে চান জয়শঙ্কর

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৩:০৩ এএম

বাংলাদেশ ও ভারতের অংশীদারত্বমূলক সম্পর্ককে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ জুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এ কথা তুলে ধরেন তিনি। শিগগিরই বাংলাদেশ সফরেরও আশা প্রকাশ করেছেন জয়শঙ্কর।

চিঠিতে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারত্বকে   সেই পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরও বলেন, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন এবং এ মাসে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেরও জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সরকার গঠন দুই দেশের সুদৃঢ় অংশীদারত্বের প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত