পরিচালক হিসেবে বাংলাতে প্রথম ছবি করতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়। তার প্রথম বাংলা ছবির নাম ‘রিকশাওয়ালা’। কিন্তু এই ছবির অভিনেতা বাছাইয়ের জন্য কিছুটা সময় নিচ্ছিলেন পরিচালক। অবশেষে তার কাস্ট লিস্ট ফাইনাল হল।
এর আগে তিনি হিন্দিতে ‘কেকওয়াক’ এবং ‘সিজনস্ গ্রিটিংস’ পরিচালনা করেছেন।
এবারের ছবির মূল চরিত্রে অভিনয় করবেন ভোজপুরি অভিনেতা অবিনাশ দ্বিবেদী। অন্যদিকে দুই নারী চরিত্রে দেখা যাবে কস্তুরি চক্রবর্তী এবং সঙ্গীতা সিন্হাকে।
এ প্রসঙ্গে রামকমল বলেন, “এক বন্ধুর জন্মদিনের পার্টিতে অবিনাশের সঙ্গে প্রথম আলাপ হয়। ওকে দেখেই মনে হয়, আমার ছবির চরিত্র মনোজের সঙ্গে ওর অদ্ভুত মিল।”
অন্যদিকে এই ছবি দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন অবিনাশ। তিনি বলেন, “দাদা কফি খেতে খেতে খুব সাধারণভাবেই আমাকে গল্পটা বলেছিল। দারুণ লেগেছিল আমার। শারীরিক এবং মানসিকভাবে এই চরিত্রে অভিনয় করা বেশ কঠিন।’’
কলকাতার আমর্হাস্ট স্ট্রিট এলাকায় বড় হয়েছেন রামকমল। হাতে টানা রিকশা কলকাতাতেই নির্দিষ্ট কিছু এলাকায় দেখা যায়।
তিনি খুব কাছ থেকে দেখেছেন রিকশাওয়ালাদের জীবন। এবার সেই স্মৃতিকেই ফ্রেমবন্দি করতে যাচ্ছেন।
