বলিউডের অনেক নায়িকারই প্রোডাকশন হাউস আছে। সেই তালিকায় নাম উঠতে চলেছে ক্যাটরিনা কাইফের। দীপিকা-অনুশকার পর নিজের প্রোডাকশন হাউস খুলতে চলেছেন ক্যাট।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। বললেন, “আমার ব্যানারের ছবিগুলো হয়তো স্বল্প-দৈর্ঘ্যের এবং একটু অন্যরকম হবে কিন্তু ছবিগুলো সবার সঙ্গে দেখা সম্ভব।”
নিজের প্রোডাকশনেও অভিনয় করার কথাও ভাবছেন বলে জানান এই বলিউড ডিভা।
সালমান-ক্যাটরিনা অভিনীত 'ভারত' মুক্তি পেয়েছে ইদের দিন। মুক্তির দিনই রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। 'জিরো' থেকে 'ভারত' সব ছবিতেই ক্যাটরিনার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই।
এই মাসের শেষেই 'সূর্যবংশী' ছবির শুটিং শুরু করবেন ক্যাটরিনা। তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। ছবির পরিচালনা করছেন রোহিত শেট্টি। অজয় দেবগণের 'সিংঘম' এবং রণবীর সিং-এর 'সিম্বা' সিরিজের তৃতীয় ছবি এটি।
প্রসঙ্গত, দীপিকার পরবর্তী ছবি 'ছপক'-এর মাধ্যমে যাত্রা শুরু করতে চলেছে তার প্রোডাকশন হাউস। ছবিটি মুক্তি পাবে পরের বছর ১০ জানুয়ারি। অন্যদিকে, অনুশকার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মসের ঝুলিতে ইতোমধ্যেই রয়েছে 'NH10','ফিল্লৌরি' এবং 'পরী'-র মতো ছবি।
