সবগুলো কাজই ভিন্নধর্মী

আপডেট : ০৯ জুন ২০১৯, ১২:১৭ এএম

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এটিএন বাংলায় প্রচার হবে ঈদের ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। ঈদের নাটক নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

গল্পটি শেষ হয়নি...

মোহন খান পরিচালিত এই ১০ পর্বের ধারাবাহিকে আমার বিপরীতে আছেন আশনা হাবিব ভাবনা। কয়েকটি পরিবারের কক্সবাজার বেড়াতে গিয়ে নানা রকম বিড়ম্বনার গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এটি ঈদের জন্য পারফেক্ট নাটক, গল্পে নতুনত্ব আছে, সেই সঙ্গে কমেডি রয়েছে। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে বিশ্বাস।

 

আর দুই ধারাবাহিক

এবার ঈদে খুব বেশি কাজ করিনি। তবে যে কয়টি কাজ করেছি, সবগুলোই ভিন্নধর্মী। এর মধ্যে রয়েছে তিনটি ধারাবাহিক নাটক। ‘গল্পটি শেষ হয়নি’ ছাড়াও রয়েছে ‘স্কাইম্যান’ ও ‘ঝগড়া চলছে’। এ নাটক দুটি যথাক্রমে নাগরিক টিভি ও এসএ টিভিতে প্রচার হচ্ছে। ‘ঝগড়া চলছে’ নাটকের গল্প খুবই মজার। এতে আমি একজন ভাড়াটে ঝগড়াটে। কেউ কোনো সমস্যায় পড়লে আমাকে ঝগড়া করতে ভাড়া করে নিয়ে যায়। আমি ভাড়ার বিনিময়ে মানুষের হয়ে ঝগড়া করে দিই।

 

গতকাল তিন

গতকাল আমার অভিনীত একটি টেলিছবি ও দুটি খ- নাটক প্রচার হয়েছে। এর মধ্যে আরটিভিতে গেছে টেলিছবি ‘আহত বেলী ফুল ও সুগন্ধ কলোনি’। পরিচালনা করেছেন সাহাদাত সাহেদ। এতে আমি একটি বাড়ির দারোয়ান। সেই বাড়িতে থাকা অপর্ণা ঘোষ দিনের পর দিন স্বামী দ্বারা নির্যাতিত হয়। আমি প্রতিবাদ করতে চাই কিন্তু সেই সামাজিক অবস্থান আমার নেই। খুবই বাস্তবধর্মী একটি গল্প। চ্যানেল আইয়ে প্রচার হয়েছে সরদার রোকনের পরিচালনায় ‘মায়েরা পাখির মতো হয়’। এতে আমার সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা। আমার ভীষণ প্রিয় একটি নাটক। মিরপুরের এক বস্তিতে শ্যুটিং করেছিলাম। কারণ এতে আমি একজন ইলেকট্রিশিয়ান আর তিশা কাজের বুয়া। পছন্দ করেই তাকে বিয়ে করি। আমি চাই একটি ছেলেসন্তান হোক, কিন্তু যখন মেয়ে হয়, এরপর আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকি। গল্পের শেষে সামাজিক একটি বার্তা পাবেন দর্শক। এখনো ছেলে ও মেয়েদের আলাদা করে দেখা হয়, কিন্তু তা ঠিক নয়। এ ছাড়া নাগরিক টিভিতে প্রচার হয়েছে মমর সঙ্গে ‘কিছুটা প্রেম বাকিটা ভালোবাসা’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত