ঈদের ছুটি পুরোপুরি কাজে লাগাতে এখনো বিনোদনকেন্দ্রগুলোতে ছুটছে রাজশাহীবাসী। গতকাল শনিবার ঈদের চতুর্থ দিনেও রাজশাহীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশুপার্ক এবং পদ্মা নদীর পাড়ে মানুষের ঢল নামে।
ঈদের দিন থেকেই তীব্র গরম উপেক্ষা করে বিনোদনকেন্দ্রমুখী ছিল রাজশাহীর মানুষ। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মহানগরীর বিনোদনকেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল।
রাজশাহীর অন্যতম বিনোদনকেন্দ্র এখন পদ্মা নদীর পাড়। নদীর ধারে একটু নির্মল বাতাসের আশায় পরিবার-পরিজন নিয়ে আসছে মানুষ। কেউ বাঁধের ওপরে হাঁটছে, কেউ হাঁটছে নদীর চরে। আবার পরিবার নিয়ে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই। সন্ধ্যা পর্যন্ত থাকছে কোলাহল।
বড়কুঠি পদ্মার পাড়, টি-বাঁধ এলাকায় বিকেলে পা ফেলার জো থাকছে না। এসব এলাকায় যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদের।
শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ঈদের পরের দিন সকাল থেকেই থাকছে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়।
রাজশাহীর আরেক বিনোদনকেন্দ্র শহীদ জিয়া শিশুপার্কও ঈদের ছুটিতে জমজমাট হয়ে ওঠে।
