হবিগঞ্জের লাখাইতে দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অর্ধশত। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রুহিতনশী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম (৩৫) একই গ্রামের সামাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমান উল্লাহপুরের বাসিন্দা লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু এবং রুহিতনশী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ উদ্দিন দুজনেই ঢাকায় থাকেন। সেখানে টাকাপয়সার লেনদেন নিয়ে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। সম্প্রতি তারা দুজন ঈদ উপলক্ষে বাড়িতে আসেন। পরে শুক্রবার বিকেলে লাখাই গ্রামের বটতলা বাজারে দু’পক্ষের লোকজনের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এ নিয়ে বাবলুর পক্ষে আমান উল্লাহপুর এবং শরীফ উদ্দিনের পক্ষে রুহিতনশী গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শরীফ উদ্দিনের পক্ষের জামিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে গুরুতর আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ওসি এমরান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি এমরান।
