বদলে যাচ্ছে বাংলা সিনেমা বা নাটক। সব জায়গাতেই আধুনিকতার ছাপ স্পষ্ট। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে বাংলা সিনেমা ও নাটক। এই তাল মিলাতে গিয়ে মাঝে মাঝে কিছু অসংগতিও ঘটে। আবার অনেক সময় নাটক-সিনেমার ভালো জিনিসগুলো নিয়েও কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষ সমালোচনায় মেতে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ রাখলেই তা টের পাওয়া যায়। কোনো নাটক বা সিনেমার কমেন্ট বক্সে চোখ রাখলেই ভালো মন্দ নানা মন্তব্য চোখে পড়বে।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস মানুষের বিরূপ মন্তব্যের কড়া সমালোচনা করলেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি মন্তব্যকারীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেন।
মৌটুসী বলেন, ‘আমার একটা বদভ্যাস হলো নাটকের কমেন্টস পড়া। ইদানীং দেখি বুকের ওড়না নিয়ে কিছু উঠতি যুবক খুবই চিন্তিত। প্রথমত চোখ ওইখানে যাবে কেন?, দ্বিতীয়ত তাদের চোখের পর্দা কই?, তৃতীয়ত অশিক্ষিত ধর্মান্ধ পরিবারের নষ্ট হয়ে যাওয়া ছেলেদের এটা প্রথম ধাপ ধর্ষক হয়ে ওঠার। এটা ক্রাইম। সোশ্যাল ক্রাইমের জন্য আলাদা থানা হওয়া উচিত, যেখানে পুরা পরিবারকে সারাদিন আটকিয়ে রেখে পারিবারিক ছবি ভাইরাল করবে। কারণ একটা ছেলে বখে যাওয়ার পেছনে পরিবারের উদাসীনতাও দায়ী।’’
দেশ রূপান্তরকে মৌটুসী বিশ্বাস বলেন, ‘কিছু দর্শকের কমেন্ট পড়লে মনে হয়, তারা নাটক দেখার সময় গল্প, অভিনয় না দেখে নায়িকার বুকের ওড়না আছে কিনা সেটা দেখার দায়িত্ব নিয়েছে। কিছু উঠতি যুবক দর্শকের এমন মনোভাব খুবই নেতিবাচক। এটা ঠিক না।’
