অস্ট্রেলিয়াকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারতীয় ব্যাটিং লাইন। শিখর ধাওয়ান তুলে নিলেন সেঞ্চুরি। রোহিত শর্মা ও বিরাট কোহলি খেললেন অর্ধশত রানের ইনিংস। ঝোড়ো ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া। ভারতের দাপুটে ব্যাটিংয়ে রানের পাহাড়ে চাপা পড়ল অস্ট্রেলিয়া।
রোববার ওভালে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ধাওয়ান ১১৭ রানের ইনিংস খেলেন। কোহলির ব্যাট থেকে আসে ৮২ রান। রোহিত ৫৭ ও পান্ডিয়া করেন ৪৮ রান। তাতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৫২ রানের পুঁজি দাঁড় করায় ভারত। যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কােন দলের সর্বোচ্চ সংগ্রহ।
দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দারুণ শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে ১২৭ রানের জুটি গড়েন এই দুজন। রোহিত ৫৭ রানে ফিরলেও ধাওয়ান তুলে নিয়েছেন সেঞ্চুরি।
৯৫ বলে ১৩টি চারের সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন ধাওয়ান। ৩৭তম ওভারে যখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় শিকার হলেন, ততক্ষণে ভারতের স্কোর বোর্ডে ওঠে গেছে ২২০ রান। স্টার্কের শিকার হওয়ার আগে ১০৯ বলে ১৬ চারে ১১৭ রান করেন ধাওয়ান। বিশ্বকাপে সব মিলে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
রোহিত ফেরার পর বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ৯৩ রান যোগ করেন ধাওয়ান। এর আগে দ্বিতীয় ওভারেই জীবন পেয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪২তম ফিফটি তুলে নেন রোহিত। মিচেল স্টার্কের বলে শর্ট মিড উইকেটে নাথান কোল্টার-নাইল ক্যাচ ছেড়েছিলেন রোহিতের।
খুব সহজ ক্যাচ ছিল তা নয়। তবে সেই কোল্টার-নাইলই ফিরিয়েছেন রোহিতকে। উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়াকে। ৭০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন রোহিত।
ধাওয়ান ফেরার পর চারে ব্যাট করতে আসেন হার্দিক পান্ডিয়া। লোকেশ রাহুল আসার কথা থাকলেও দ্রুত রান তুলতে নেমেছিলেন পান্ডিয়া। দলের প্রয়োজন মিটিয়েছেন তিনি দারুণভাবে। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেছেন ৪৮ রান।
পান্ডিয়াকে ফেরার কামিন্স। আর স্টয়নিসের করা শেষ ওভারের ১৪ বলে ২৭ রান করে কট অ্যান্ড বোল্ড হন ধোনি। একই ওভারের পঞ্চম বলে ফিরে যান কোহলি। ৭৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন স্টয়নিস।
