আফগানিস্তানের বিপক্ষে আগুন ঝরিয়ে ছিলেন নুয়ান প্রদীপ। স্বল্প পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে এনে দিয়েছিলেন এবারের বিশ্বকাপের প্রথম জয়। তবে আফগানদের বিপক্ষে জয়ের নায়ককে বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে না শ্রীলঙ্কা।
ইনজুরির কারণে কমপক্ষে এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডানহাতি ফাস্ট বোলার প্রদীপ। ৩২ বছর বয়সী এই তারকা নেটে কুশল পেরেরাকে বল করার সময় ইনজুরিতে পড়েন। পেরেরা শর্ট ফেরাতে গিয়ে ডানহাতের আঙুলে মারাত্মক চোট পান প্রদীপ।
শ্রীলঙ্কার টিম ম্যানেজার আশান্তা ডি মেল বলেছেন, ‘‘নুয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। তার ভেঙে যাওয়ার আঙুল পুনঃস্থাপন করা হয়েছে। কাটা অংশ সেলাই করে বন্ধ করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।’’
লঙ্কান টিম ম্যানেজার নিশ্চিত করেছেন বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না প্রদীপ। আশান্তা বলেন, ‘‘প্রদীপ বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে খেলতে পারবে না। ইনজুরি থেকে সেরে উঠতে তার এক সপ্তাহ সময় লাগবে।’’
বড্ড অসময়ে ইনজুরিতে পড়লেন প্রদীপ। শ্রীলঙ্কা বিশ্বকাপে তাদের তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। আফগানদের বিপক্ষে জেতা ম্যাচটিতে ৩১ রানে ৪ উইকেট নেন প্রদীপ।
মঙ্গলবার ব্রিস্টলে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত যদি আরো খারাপ কিছু ঘটে, প্রদীপ ছিটকে যান টুর্নামেন্ট থেকে, তবে স্ট্যান্ডবাই হিসেবে থাকা কাসুন রাজিথা তার জায়গা পূরণ করবে।
