‘মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একত্রিত হই’— এই স্লোগানে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে (কুসউবি) হয়ে গেল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার সকাল থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। সকাল ১১টায় স্কুল মাঠ থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
কুসউবির প্রধান শিক্ষক শুধাংসু সরকারের নেতৃত্বে শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে আবারও স্কুলমাঠে এসে শেষ হয়।
পরে বিকেলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরাফাত রাজনের সঞ্চালনায় এতে গান পরিবেশন করে প্যাসেঞ্জার ব্যান্ড, ফকিজম ব্যান্ডের হৃদয় এবং স্কুলের সাবেক শিক্ষার্থীরা। পরে র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আয়োজকদের একজন পার্থ পল্লব দেশ রূপান্তরকে বলেন, ‘এই অনুষ্ঠানটি আমাদের প্রাণের মিলন মেলা, আমাদের অনেক বড় ভাই জেলার বাইরে এমনকি দেশের বাইরে থাকেন মূলত তাদের সবার সঙ্গে এক মাঠে মিলে আনন্দ করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ’
তিনি আরো বলেন, ‘আমাদের স্কুলের বয়স ১২৫ বছর। আগামী বছর আমরা আশা করি আরও বড় পরিসরে এ আয়োজনটি করতে পারব। ’
১৯৮৭ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘দেখতে দেখতে কবে এই প্রতিষ্ঠানটির বয়স এত হলো বুঝতেই পারলাম না। আগের স্কুল এখন আর নেই, অনেক পরিবর্তন, আশা করি আরও পরিবর্তন হবে আমাদের স্কুলের। ’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি চাই এ রকম অনুষ্ঠান প্রতিবছরই হোক। ’
