‘স্তালিন’ হয়ে আট বছর পর মঞ্চে শাহাদাত

আপডেট : ০৯ জুন ২০১৯, ১১:০২ পিএম

ঢাকার মঞ্চে কামালউদ্দিন নীলু মানেই ভিন্ন চমক। এর আগে অ্যাম্পিউটেশন, দ্য কমিউনিকেটর, সেনাপতি, রিকোয়েস্ট কনসার্ট নাটকগুলোর মাধ্যমে দর্শকের মাঝে সাড়া ফেলেছেন তিনি। বিদেশে বসবাস করলেও দু-এক বছর পর পর দেশে আসেন, আর মঞ্চে উপহার দেন নতুন নাটক। এবার এই নির্দেশক মঞ্চে নিয়ে আসছেন ‘স্তালিন’ নামের নতুন একটি নাটক। বাংলা ভাষান্তর করেছেন রায়হান আখতার।

এই নাটকের স্তালিন চরিত্রে অভিনয় করছেন শাহাদাত হোসেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমরা পুরো রোজার মাসে মহড়া করেছি। এর আগে একাধিক কর্মশালা হয়েছে নাটকটি নিয়ে। এখন আমরা প্রস্তুত মঞ্চে দর্শকের সামনে আসতে। আশা করছি ঈদের আনন্দের সাথে ভালো একটি নাটক দেখতে পাবেন দর্শক।’

নাটকটি প্রযোজনা করছে সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)। দলটির সূত্রে জানা গেছে, ১০-১২ জুন প্রতিদিন সন্ধ্যায় সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মোট তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০, ২০০ টাকা। সিএটির ওয়েবসাইটে নাটকের বিস্তারিত তথ্য দেওয়া আছে। সেখানে অগ্রিম টিকিট কেনার ব্যবস্থাও রাখা হয়েছে।

অভিনেতা শাহাদাত বলেন, ‘প্রায় আট বছর পর মঞ্চে নতুন নাটকে অভিনয় করছি। সবশেষ ‘দ্য কমিউনিকেটর’ নাটকে অভিনয় করেছিলাম। এবার নতুন নাটক নিয়ে কিছুটা উত্তেজনা তো আছেই। আশা করছি দর্শকের ভালো লাগবে স্তালিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত