শপথ নিয়েই সংসদ ভেঙে দেওয়ার দাবি রুমিনের

আপডেট : ১০ জুন ২০১৯, ০২:৪৭ এএম

 

নিজস্ব প্রতিবেদক

শপথ নিয়েই সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল রবিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েই এমন দাবি জানান তিনি। শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ

 

সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম।

শপথের পরপরই শিগগিরই নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের বিষয়ে জোর দেন এই নারী এমপি। রুমিন ফারহানা বলেন, ‘খুব খুশি হব আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ এক দিনের বেশি না হলে।’ তিনি বলেন, ‘এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনো তা বলছি।’

‘অবৈধ বলছেন তাহলে কেন শপথ নিলেন?’Ñ এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘বিষয়টি খুব পরিষ্কার। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক স্পেস। আমাদের কথা বলার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই অর্থে সংসদ একটি ভালো জায়গা যেখানে আমাদের দলের কথা, দেশের কথা ও মানুষের কথা বলতে পারব। সেই স্পেসটা ব্যবহার করার জন্য আমাদের এই সংসদে আসা।’

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মামলার মেরিট, তার বয়স, সামাজিক অবস্থান বিবেচনায় তিনি বাংলাদেশের আইন অনুযায়ী তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। তাকে জামিনবঞ্চিত করে কারাগারে রাখা হয়েছে এর পুরোটাই বেআইনি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলব।’

সংসদে শপথ নেওয়ার আগে রুমিন ফারহানা দেশ রূপান্তরকে বলেন, ‘সারা দেশের নিপীড়িত নির্যাতিত জনগণের পক্ষে কথা বলতে সংসদে যাচ্ছি আমি।’

একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

বিএনপি নেতাকর্মীরা মনে করেন, ভাষাসংগ্রামী অলি আহমদের মেয়ে ব্যারিস্টার রুমিন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দলীয় বক্তব্য জাতিকে জানাতে পারবেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয়লাভ করে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এ ক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী দলটিকে একটি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত