বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার পোশাককর্মী

আপডেট : ১০ জুন ২০১৯, ০২:৫৮ এএম

নারায়ণগঞ্জে এক পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর ওই তরুণীকে একটি বাড়িতে আটকে রেখে পরিবারের কাছ মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হয়। গতকাল রবিবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে নির্যাতিত তরুণীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে। 

নির্যাতিত তরুণী এবং তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ

           

 রূপান্তরকে জানান, ঘটনার শিকার ওই তরুণী (১৮) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। গত শুক্রবার বিকেলে বন্ধু শামীমকে নিয়ে ফতুল্লার ধর্মগঞ্জ আরাফাত নগরে মৌসুমী নামে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান তিনি। সেখান থেকে সন্ধ্যার পর তিনজন মিলে ফতুল্লার বক্তাবলীতে বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরতে যায়। তখন ৬-৭ জন যুবক তাদের ধরে পাশের একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে শামীমকে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে ওই যুবকরা। তবে সঙ্গে থাকা বান্ধবী মৌসুমী ছিল অক্ষত। পরে ওই যুবকরা নির্যাতিত তরুণীকে মৌসুমীর বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় পোশাককর্মী ওই তরুণীর মা সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে গতকাল মৌসুমীর বাড়িতে অভিযান চালিয়ে নির্যাতিত তরুণী এবং তার বন্ধু শামীমকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে মৌসুমী এবং আরও এক যুবককে আটক করা হয়।

ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিত তরুণীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত