সংসদে যোগদান ইস্যুতে সৃষ্ট টানাপড়েন দূর করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসছেন আজ। গতকাল রবিবার
বিকেলে ফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে জানিয়েছেন, রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় ওই বৈঠক হবে।
সুব্রত চৌধুরী বলেন, নিজেদের মধ্যে সৃষ্ট টানাপড়েন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নির্ধারণ করতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটির শীর্ষ নেতারা বৈঠকে বসবেন।
ফ্রন্টের নেতারা জানিয়েছেন, বৈঠকে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভা-পতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তারা আরও জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সময়ে কোনো কর্মসূচি না থাকা, বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিত এমপিদের সংসদে যোগদান, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং জোটের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতির ফ্রন্ট ছাড়ার আলটিমেটামের মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের অসন্তোষ প্রকাশ্যে আসে। ফলে কার্যত থমকে গেছে ফ্রন্টের যাবতীয় কর্মকাণ্ড। তাই বৈঠকে জোটের শরিকদের মধ্যে নানা ইস্যুতে সৃষ্ট সংকট, দূরত্ব ও ভুল-বোঝাবুঝি দূর করার উদ্যোগ নেওয়া হবে। আলোচনা হতে পারে নতুন কর্মসূচি নিয়েও।
