ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন বন্ধের পর গতকাল রবিবার দিনাজপুরের হিলি ও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে আমদানি, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা সাতদিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক ২ থেকে ৮ জুন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। গতকাল দুপুর পৌনে ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে ঈদের আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুএকদিন সময় লাগবে বলে জানান তিনি।
এছাড়া টানা ৮ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোনামসজিদ স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক হোসেন জানান, দীর্ঘ ছুটির পর সকাল থেকেই বন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয়। দুই বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চালু ছিল। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হয়েছে স্বাভাবিকভাবেই।
