দেশি পণ্যের মান বাড়ানোর তাগিদ দিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এ ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পারে। অ্যাক্রেডিটেশন দিবস উদ্্যাপন উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত আলোচনা সভায় গতকাল রবিবার এ কথা বলেন তিনি।
বিএবি সনদ পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান। বিশ্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ায় ৬২ দেশি ও বহুজাতিক টেস্টিং এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ২টি মেডিকেল ল্যাবরেটরি, ২টি ইন্সপেকশন ও ৫টি সনদ প্রদানকারী সংস্থাকে এ সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বেসরকারি খাতে টেকসই বিকাশে শিল্প মন্ত্রণালয় নীতি সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য অর্জনে দেশি পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দেন মন্ত্রী।
শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর। এতে বক্তব্য রাখেন বিএবির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম, রূপপুর পারমাণবিক মেগা প্রকল্পে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান টেস্টিং ল্যাবরেটরি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মাদ আলমগীর এবং জার্মানভিত্তিক টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি হোহেন্সটেইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক জনি ইয়াসমিন কান্তা।
