প্রীতি ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সেরেছে ব্রাজিল। একবার দুবার নয়, প্রতিপক্ষটির জালে সাতবার বল জড়িয়েছে তারা।
নিজেদের মাঠে রোববার রাতে হন্ডুরাসের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জয় ৭-০ গোলের। প্রথমার্ধে গোল হয় তিনটি; দ্বিতীয়ার্ধে চারটি!
ব্রাজিলের গোলবন্যার শুরুটা করেন গাব্রিয়েল জেসুস। ষষ্ঠ মিনিটে কর্নার থেকে অধিনায়ক দানি আলভেসের ক্রসে মাত্র ছয় গজ দূর থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চিয়াগো সিলভা। ফিলিপে কৌতিনিয়োর ক্রস থেকে হেডে গোলটি করেন এই সেন্টার-ব্যাক।
স্পট কিক থেকে দলকে তৃতীয় গোলটি এনে দেন আক্রমণভাগের খেলোয়াড় কৌতিনিয়ো। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরো বাড়ায় সেলেসাওরা। এই সময়ে একটি করে গোল করে দলের বিশাল জয় নিশ্চিত করেন জেসুস, দাভিদ নেরেস, রবের্তো ফিরমিনো ও রিশার্লিসন।
বিশাল এই জয়ে কোপা আমেরিকার আগে নিজেদের ভালো করেই ঝালাই করে নিলো ব্রাজিল। তাদের মাঠে ১৪ জুন উঠবে দক্ষিণ আমেরিকার ফুটবলের বিশ্বকাপ বলে খ্যাত এই টুর্নামেন্টের পর্দা।
উদ্বোধনী দিনই বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।
