ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়, করুণাও হয়: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০১৯, ০৫:৪৫ পিএম

সরকারবিরোধী প্রধান জোট জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থা দেখে 'হাসি পায় আবার করুণা হয়' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না তারা সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য করার ঘোষণা দেয়। এগুলো সব হাস্যকর। 

তিনি বলেন, ঐক্যফ্রন্টের অবস্থা দেখে আমার হাসি পায়, আবার করুণাও হয়। তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তাদের অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। এজন্য ঐক্য ধরে রাখতে তারা নাকি আজ (সোমবার) বৈঠক ডেকেছে। যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই তারা কিভাবে আন্দোলন করবে।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ও ২১ আগস্ট হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত কারো বিরুদ্ধে দণ্ড দিলে সেটি যদি সরকারি কর্মকর্তা হয়, এমন সরকার দলীয় এমপিও হয় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কোনো শাস্তিপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা। অবশ্যই একদিন তারেকের শাস্তি কার্যকর হবে।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলেছেন এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকেই অবৈধ বলেছেন। তার মানে সংসদ সদস্য হিসেবে তিনিও অবৈধ। তাদের কাজ ও কথার ঠিক নাই। প্রথমে বলেছেন, কোনো অবস্থায় তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। পরে তারা শপথ নিলেন, এমনকি নারী সংসদ সদস্যের ভারটাও নিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত