প্রোটিয়া-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির উৎপাত

আপডেট : ১০ জুন ২০১৯, ০৬:৩১ পিএম

বিশ্বকাপে বৃষ্টির উৎপাত চলছেই। কোন ম্যাচে বৃষ্টি বাগড়া না বসালে বরং সেটিই অবাক করা ব্যাপার হচ্ছে যেন।

সোমবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ৭.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি থামিয়ে দিয়েছে সাউদাম্পটনের ম্যাচটি।

আপাতত তাই বন্ধ রয়েছে খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৯ রান করতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়ারা। দুটি উইকেটই নিয়েছেন শেলডন কটরেল।

৬ রান করা হাশিম আমলাকে ফিরিয়েছেন ক্রিস গেইলের হাতে ক্যাচ বানিয়ে। এরপর ৫ রান করা আইডেন মারকরামকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন কটরেল।

এ ম্যাচের আগ পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুই ম্যাচের একটিতে।

উভয় দলের একাদশে আছে দুটি করে পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রানে হারা একাদশ থেকে বাদ পড়া দুজন হলেন ওপেনিং ব্যাটসম্যান এভিন লুইস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাদের জায়গায় একাদশে ডাক পেয়েছেন ড্যারেন ব্র্যাভো ও কেমার রোচ।

আর সবশেষ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারা একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি দুমিনি ও স্পিনার তাবরাইস সামসি। একাদশে ঢুকেছেন টপ অর্ডার ব্যাটসম্যান আইডেন মারকরাম ও পেসার বুরান হেনড্রিকস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত