জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফেভারিট বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০১৯, ০১:৩২ এএম

বাংলাদেশ দল এবার সেমিফাইনাল খেলার ইচ্ছে নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। তাই সেমিফাইনাল খেলার জন্য আজকের ম্যাচে জয় অবশ্যই প্রয়োজন। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ ছেলেরা কিছুটা মসৃণ করে রাখবে বলে বিশ্বাস করি। পরবর্তী ম্যাচগুলো বড় দলের বিপক্ষে। তাই এই ম্যাচ জিতে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে হবে। এই ম্যাচে পা হড়কালে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে না। তাই এই ম্যাচে সর্বস্ব দিয়ে লড়তে হবে।

আমার মতে, আজকের ম্যাচে বাংলাদেশ পরিষ্কার ফেভারিট। শ্রীলঙ্কা দলের চেয়ে পেস আক্রমণ ছাড়া সব বিভাগে আমরা এগিয়ে আছি। তাদের দলে মালিঙ্গা, লাকমলের মতো অভিজ্ঞ বোলার আছে। ব্যাটিংয়ের শুরুতে এরা চেপে বসতে পারে। তাই আমাদের প্রথম ১০ ওভারে কোনো প্রকারে উইকেট হারানো চলবে না। তবে ভালো ব্যাপার হলো নুয়ান প্রদীপ এই ম্যাচে খেলতে পারবে না। শেষ ম্যাচে সে ভালো বোলিং করে ৪ উইকেট তুলে নিয়েছিল। তাদের স্পিন আক্রমণ শক্তিশালী নয়। তাই আমরা যদি শুরুতে উইকেট না হারাই তাহলে শেষদিকে ঝড় তুলে ভালো একটা স্কোর গড়তে পারব।

আমাদের ব্যাটিং লাইন ওদের চেয়েও শক্তিশালী। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে বড় রান স্কোরবোর্ডে জমা করতে পারব। ওপেনিং জুটি এখনো দাঁড়াতে না পারলেও আমি তাদের নিয়ে আশাবাদী। সৌম্য তার ন্যাচারাল খেলাই খেলুক। তামিমের একটা বড় ইনিংস দরকার। আশা, এ ম্যাচেই সে তার আসল রূপে ফিরবে। তবে আমার মতে, মিঠুনকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তার জায়গায় অন্য কেউ আসা উচিত। ব্যাটসম্যান হিসেবে লিটনকে সুযোগ দেওয়া যেতে পারে। গত দুই ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে কিছুটা জড়তা দেখা গেছে। শেষদিকে বড় কিছু পেতে হলে তাকে আরও প্রাণবন্তখেলা উপহার দিতে হবে।

পেস বোলাররা এখনো ভালো কিছু করতে পারেনি। যেজন্য আমরা স্পিন আক্রমণের ওপর নির্ভর হয়ে আছি। শেষ ম্যাচে বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। এ ম্যাচে তাই নিজেদের পুরোটা দিতে হবে। বোলিং আক্রমণের যতটুকু দুর্বলতা আছে তা ফিল্ডিং দিয়ে পুষিয়ে দিতে হবে। তবে বোলাররা যদি টাইট লাইন-লেন্থে বোলিং করে তবে তাদের ব্যাটসম্যানদের সহজে কাবু করা সম্ভব। তাদের টপ অর্ডারের খেলোয়াড় ছাড়া অন্যরা রানে নেই। তাই বাংলাদেশকে শুরুতে ওদের উইকেট নিয়ে বেকায়দায় ফেলতে হবে। বোলিং শক্তি বাড়াতে মিঠুনের পরিবর্তে রুবেল হোসেনকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

আজকের ম্যাচটা বাংলাদেশের কাছে ডু অর ডাই ম্যাচের মতো। আর দল হিসেবে আমরা শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে। তাই ভালো বোলিং-ফিল্ডিং করতে পারলে আশা করি ব্যাটসম্যানরা সহজেই ম্যাচ ছিনিয়ে নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত