জিততেই চায় বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:১৯ এএম

আজ ড্র করলেই ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত বাংলাদেশের। এ সাফল্য দেশের ফুটবলকে এনে দেবে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ। তবে ড্র নয়, জয় দিয়েই পরের পর্বের জন্য তৈরি হতে চায় বাংলাদেশ ফুটবল দল। লাওসের বিপক্ষে নিজেদের মাঠে আজ ফিরতি পর্ব জামাল ভূঁইয়াদের। প্রথম পর্বে লাওসের মাঠ থেকে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। যা ঘরের মাঠে নিশ্চিতভাবেই সুবিধা দেবে স্বাগতিকদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম পর্বে লাওসের মাঠে রবিউল হাসানের একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ। স্বাগতিকদের পেছনে ফেলে দ্বিতীয় পর্বে উঠতে হলে কমপক্ষে ২-১ গোলে জিততে হবে লাওসকে। প্রতিপক্ষ এই চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে বললেন কোচ জেমি ডে। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে কোচ জানান, বিপক্ষ নয়, নিজেদের জয় নিয়েই ভাবছেন তিনিÑ ‘আমরা জানি, কালকের (আজ) ম্যাচটি সহজ হবে না। লাওসে ওরা প্রথমার্ধে দারুণ খেলেছিল। এবারও সেরকম খেলতে চাইবে। কেননা ওদের গোল দরকার। কিন্তু আমি মনে করি, আমাদের নিজের খেলা নিয়ে ভাবতে হবে। আমি খুবই খুশি যে ছেলেরা প্রথম পর্ব থেকে এক গোলের লিড এনেছে। লিড নিয়ে মাঠে নামা সবসময়ই সুবিধার। কিন্তু এতে আত্মতুষ্টিতে ভুগছি না। দলের কেউ না। সবাই গত দুদিন কঠোর পরিশ্রম করেছে। আমরা জয়ের জন্য নামব; ড্রয়ের জন্য না।’

বাছাই পর্বের গত রাউন্ডে বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচ খেলা দল হেরেছে। সেদিক থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যেখান থেকে আত্মবিশ্বাস নিচ্ছেন অধিনায়ক জামাল। পাশাপাশি এই ম্যাচে হেরে গেলে দুই-তিন বছরের জন্য আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে সরে যাওয়ার ভয়। এই শঙ্কা এড়ানোর জন্য জয়হীন কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘সবাই জানে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে কেমন লাগে। গতবারই আমরা এটি হাড়ে হাড়ে টের পেয়েছি। আবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি যেন না হয় তাই আমরা মাথায় রেখেছি জিততেই হবে। যে কারণে সবাই উজ্জীবিত আছি।’

দু’দলের সর্বশেষ তিন দেখায় বাংলাদেশের জয় দুটি, ড্র একটি। তবে পরিসংখ্যান নিয়ে ভাবছেন না লাওস কোচ ভি সুন্দ্রামূর্তি। প্রথম পর্বের ভুল শুধরে দল জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবে বলে জানালেন তিনি, ‘ওই হারের পর আমরা প্রস্তুতি নিয়েছি। ভুলগুলো খুঁজে বের করেছি। শুধরেও নিয়েছি এবং আমরা চাই এখানে জিতে বাছাই পেরোতে। প্রথম পর্বের ম্যাচে আমাদের প্রথমার্ধেই গোল পাওয়া উচিত ছিল। কিন্তু ফুটবল এমনই। কখনো কখনো আপনি প্রাপ্যটা পাবেন না।’

বাছাইয়ের প্রথম পর্ব পেরোনো ছয় দল এবং র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ৩৪ দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখানে আট গ্রুপে খেলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত